শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এ সময় বাংলাদেশকে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন বিজিবি অধিনায়ক। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
