জার্মানিতে মূল্যস্ফীতি বেড়ে ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৩ শতাংশে। ২০২৩ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। গতকাল প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। গত জুলাইয়ে ছিল ২ দশমিক ৮ শতাংশ।
জার্মানির পরিসংখ্যান দপ্তর ডেস্টাটিসের প্রেসিডেন্ট রুথ ব্র্যান্ড বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ৩ শতাংশ ছাড়িয়ে এ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি এর প্রধান কারণ। বিশেষ করে পেট্রল পাম্পে বিক্রি হওয়া জ্বালানি ও হিটিং অয়েলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে জ্বালানি পণ্যের দাম বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে গাড়িতে ব্যবহৃত জ্বালানির দাম বেড়েছে ৩৭ দশমিক ১ শতাংশ। খবর আনাদোলু
