নবীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনের সামনে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার দুই ভাইসহ বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটির সঙ্গে সিলেট থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনের কর্মীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের ওপর পড়ে থাকায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনের কর্মীরা রেকার দিয়ে বাসটি সড়ক থেকে সরিয়ে নেন। এতে মহাসড়কে যানজট নিরসন হয় এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
