Published on
:
2 min read
এই সময়: ভারত বিশ্বকাপ ফুটবলে কবে খেলবে? এই প্রশ্নের উত্তর জানা নেই কারও।
তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করেই কাল শনিবার থেকে ভারতের যুব টিম আজেরবাইজানের বাকুতে যুব বিশ্বকাপে খেলতে নামছে। এই প্রথমবার ফিফা অনূর্ধ্ব ১৫ বছর বয়সি ফুটবলারদের নিয়ে আয়োজন করছে অনূর্ধ্ব ১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যাল। যাতে ৬ মহাদেশের ১৮৯ দেশ একইসঙ্গে অংশগ্রহণ করছে। বিবিয়ানো ফার্নান্দেজ়ের কোচিংয়ে ভারতের ১৪ জন ফুটবলারও বাকু পৌঁছে গিয়েছেন এই টুর্নামেন্টে খেলার জন্য।
২০১৭ সালে ভারতে ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারত খেলার সুযোগ পেয়েছিল আয়োজন দেশ হওয়ার সুবাদে। সেটাই ভারতের ছেলেদের টিমের একমাত্র ফিফার বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছিল। আর এ বার ভারত খেলছে ফিফার নথিভুক্ত দেশ হিসেবে। খেলার নিয়ম অবশ্য অনেকটাই আলাদা। মাঠ ছোট। ৮ জন করে প্রতি টিমে খেলবেন। রিজ়ার্ভে থাকবেন আরও ৬ জন। ম্যাচে যতবার খুশি ফুটবলার পরিবর্তন করা যাবে। ম্যাচের সময় ৪৫ মিনিট। প্রতি অর্ধ ২০ মিনিট করে। বিরতি ৫ মিনিটের।
৩৬ গ্রুপে ভাগ করা হয়েছে ১৮৯ দেশকে। ভারত রয়েছে ‘কে’ গ্রুপে। তাদের প্রতিদ্বন্দ্বী লাওস (খেলা শুক্রবার, ভারতের সময় বেলা ১১–৪৫), ক্যামেরুন, গ্রেনাদা (শনিবার), বাহরিন, সেনেগাল (রবিবার)। প্রতিযোগিতায় ছিটকে যাওয়ার ব্যাপার নেই। ৩১ অক্টোবর পর্যন্ত সব টিমেরই খেলা থাকবে। তবে সেটা হবে পজ়িশন বাছাইয়ের ম্যাচ। গ্রুপের এক নম্বর টিম অর্থাৎ ৩২ দেশ খেলবে চ্যাম্পিয়নশিপের জন্য। ৩৩ নম্বর থেকে টিমগুলো খেলবে পজ়িশন অর্জনের। গ্রুপে যে যত উপরে শেষ করবে, তারা তত ভালো পজ়িশনের লড়াইয়ে নামার সুযোগ পাবে।
ভারতের১৪ জনের এই টিমে বঙ্গসন্তান সুযোগ পেয়েছেন মাত্র একজন। তিনি ডিফেন্ডার সৌম্যজিৎ সরকার। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি থেকে তৈরি হওয়া সৌম্যজিৎ এখন প্র্যাক্টিস করেন এফসি মাদ্রাস অ্যাকাডেমিতে।
বাকু যাওয়ার আগে টিম নিয়ে কোচ বিবিয়ানো দুটো প্র্যাক্টিস ম্যাচ খেলেছেন দোহাতে অ্যাসপায়ার অ্যাকাডেমির বিরুদ্ধে। কাতারের যুব টিমের ফুটবলারদের বিরুদ্ধে সৌম্যজিৎরা দুটো ম্যাচেই ২–২ শেষ করেছিল।
বাকুতে লক্ষ্য কী? কোচ বিবিয়ানো বলেছেন, ‘বড় মঞ্চে প্রথমবার খেলার সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে তৈরি ছেলেরা। ওদের নিয়ে সাহসী ও ইতিবাচক খেলার পরিকল্পনাই রয়েছে আমার।’
