অক্ষয় কুমারের বিপরীতে বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী রুক্মিণী মৈত্র—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। এবার সে গুঞ্জন সত্যি হলো। কনিষ্ক ভার্মা পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘শামুক’ সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন রুক্মিণী। গত বুধবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সানশাইন পিকচার্স তার যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় রুক্মিণীর। সিনেমাটির প্রযোজনায়ও ছিল সানশাইন পিকচার্স। এবারো একই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণীর ছবি প্রকাশ করে তাকে শামুকের অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত করার খবর জানায় প্রতিষ্ঠানটি।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এ সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। এর আগে ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অব ডিউটি’, ‘অ্যাকশন রিপ্লে’, ‘নমস্তে লন্ডন’ ও ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।
যুক্তরাজ্যে চলছে শামুক সিনেমার শুটিং। এতে রুক্মিণীকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্দায় উপস্থিতি ও ব্যক্তিত্বের কথা বিবেচনা করে রুক্মিণীকে নির্বাচন করেছেন নির্মাতারা।
বাংলা সিনেমায় এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন রুক্মিণী। দেবের বিপরীতে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’ ও ‘বুমেরাং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি দেবের প্রযোজনা ও অভিনয়ে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। চলতি বছরের ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
সূত্র: টাইমস নাউ
