The Sangbad · অর্থনীতি
১২১ কোটি ডলার জরিমানা গুনছে ব্যাংক অব আমেরিকা
১৪/১০/২০২৬

অর্থপাচারসহ বিভিন্ন অবৈধ লেনদেন চিহ্নিত করতে চরম গাফিলতির অভিযোগে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্যাংক ‘ব্যাংক অব আমেরিকা’কে ১২১ কোটি (১.২১ বিলিয়ন) মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জরিমানা আদায়ের ঘটনা।মার্কিন ট্রেজারি বিভাগের তথ্যানুযায়ী, ব্যাংকটি প্রায় ৫০০ কোটি ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সময়মতো সরকারি নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ কোটি ডলারের লেনদেন ছিল আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ।নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগ করেছে, নিজের নিরাপত্তা ও অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা জোরদার করার বদলে ব্যাংকিং প্রতিষ্ঠানটি কেবল নিজেদের আয় ও মুনাফাকেই বেশি প্রাধান্য দিয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি এখন ব্যাংক অব আমেরিকাকে একজন স্বাধীন নিরপেক্ষ তদন্তকারী নিয়োগ করতে হবে। ওই তদন্তকারী অতীতে হওয়া সমস্ত লেনদেন পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে সন্দেহজনক তথ্যগুলো মার্কিন আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে জমা দেবেন।এ বিশাল অঙ্কের জরিমানার প্রভাব ইতোমধ্যে ব্যাংকের আর্থিক প্রতিবেদনে পড়েছ। ব্যাংকটির একজন মুখপাত্র জানান, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা থেকে শেয়ারপ্রতি প্রায় ১৭ সেন্ট করে হ্রাস পাবে। এই খবর প্রকাশের পর শেয়ারবাজারের লেনদেন-পরবর্তী সময়ে ব্যাংক অব আমেরিকার শেয়ারের দাম ২.৭ শতাংশ কমে যায়।আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউবিএস মনে করছে, এই জরিমানার ফলে শেয়ার পুনঃক্রয় করার ক্ষমতা ও ভবিষ্যতের খরচ বেড়ে যাওয়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি হতে পারে।তবে ব্যাংক অব আমেরিকা এক বিবৃতিতে জানিয়েছে, আর্থিক অপরাধ দমনে তারা অত্যাধুনিক প্রযুক্তি ও হাজার হাজার কর্মী নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী ত্রুটিগুলো দ্রুত সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
মূল প্রতিবেদনে যান ↗