লালমনিরহাটের প্রান্তিক জনপদ থেকে মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন অব লালমনিরহাট সদর (পালস)-এর উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি খন্দকার মো. ফরিদুল ইসলাম ফাহিমের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এবং লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রভাষক মো. জিয়াউর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ফাহাদ রেদওয়ানের (রুয়েট) শুভেচ্ছা বক্তব্য এবং সভাপতি খন্দকার মো. ফরিদুল ইসলাম ফাহিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন রহমান শ্রেয়সী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল-দ্বিন হোসেন আহাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, প্রতিকূলতা অতিক্রম করে লালমনিরহাটের মতো সীমান্তঘেঁষা জেলার সন্তানদের দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন গর্বের বিষয়। এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে স্মার্ট, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লালমনিরহাটসহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবীন ভর্তির সুযোগ পাওয়া প্রায় ১২০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান। আমন্ত্রিত অতিথিরা তাঁদের হাতে এসব সম্মাননা তুলে দেন।শেষ পর্বে স্থানীয় শিল্পী ও কৃতি শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post লালমনিরহাটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্সপ্রাপ্ত ১২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা appeared first on ভোরের চেতনা.
