ভারতের জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে ৪০ বছর বয়সী এক নারীকে গায়ে ডিজেল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার সৎছেলের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিহত ওই নারীর নাম সুষমা দেবী (৪০)। তিনি উদমপুরের হাউজিং কলোনির বাসিন্দা কেশব ভার্মার স্ত্রী। অভিযুক্ত সৎছেলের নাম মোক্ষ ভার্মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উদমপুরের হাউজিং কলোনির নিজ বাড়িতে সুষমা দেবীর গায়ে হঠাৎ ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সৎছেল মোক্ষ ভার্মা। এ সময় ওই নারী অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে বাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত উদমপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই নির্মম ঘটনার একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ওই নারীকে আগুনে পুড়তে দেখা যায়।
ঘটনার পরপরই উদমপুর পুলিশ অভিযুক্ত সৎছেলে মোক্ষ ভার্মাকে আটক করেছে। কী কারণে তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা উদঘাটনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া ভাইরাল হওয়া ভিডিওটিকেও একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
