ছবির ক্যাপশন: ......................
মোহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা সহ প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
