জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
হামলা ও ভাঙচুরের অভিযোগ করে জিএম কাদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে এসে আমার বাসার সামনে হইচই শুরু করে। সেখান আমার নাম ধরে বিভিন্ন স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়।
জি এম কাদের আরও বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন আসায় মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালালসহ বিভিন্ন গালিগালাজ করেছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
