গাজীপুরের টঙ্গীর মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় উত্তেজিত হয়ে লাইভে এসে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন জুবায়ের আহমাদ তাশরীফ।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ দুঃখ প্রকাশ করেন তিনি।
ভিডিওবার্তায় জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার বলা হয়ে গেছে, সে কথাগুলোর জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট করার জন্য এসেছি এবং কিছু কথা বলব একেবারে সংক্ষিপ্ত।
তিনি আরও বলেন, প্রথম কথা হচ্ছে যে, টঙ্গীর যে ঘটনাটা ঘটেছিল, সে ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি। সেখানে দারোয়ানসহ আরও অনেককেই মারধর করা হয়েছে এবং মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। সে বিষয়গুলো আমরা যখন প্রাথমিকভাবে দেখেছি, এটা আমরা সহ্য করতে পারিনি। বিশেষ করে আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারিনি।
জুবায়ের বলেন, তখন আমি লাইভে এসেছি এবং অনেকগুলো কথাই বলেছি। আমি এ কথা বারবার বলেছি যে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনের ওপর আমরা কিছু করব না ইনশাআল্লাহ। দেশে আইন আছে। এখন আইনের মাধ্যমে এ কাজগুলো হচ্ছে।
তিনি বলেন, হোক, যে দোষী, সে তার দোষ যদি বের হয়ে আসে, তাহলে তাকে শাস্তি অবশ্যই আইনের মাধ্যমে দেয়া হবে। তবে একজন দোষ করলে সেখানে একটা প্রতিষ্ঠান ভাঙচুর অথবা আরও কয়েকজনকে মারধর, এটার পক্ষে আমি ছিলাম না এবং সেখান থেকে আমি উত্তেজিত হয়ে অনেকগুলো কথা বলেছি।
তিনি আরও বলেন, আমি যতগুলো কথা বলেছি, ওয়াল্লাহি—আমি আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, দেশ, আলেম-ওলামা, মাদ্রাসা-মসজিদ, ইসলামের সম্মান নিয়ে আমি এ কথাগুলো বলেছি। আমি আমার স্বার্থে কোনো কথা বলিনি। তো যাই হোক, গত দুই দিন ধরে অনেকেই অনেক রকম পোস্ট করেছেন। অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন।
ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে তাশরীফ বলেন, আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার বলা হয়ে গেছে, সে কথাগুলোর জন্য আমি সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে সবসময় মনে রাখবেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং দেশ ও ইসলামের জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই পর্যন্ত মানুষের কল্যাণে আমি অনেক কাজ করেছি। সামনেও করতে চাই ইনশাআল্লাহ। যদি আমার কোনো বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি আবারও এবং যারা দেশ, জনগণ ও ইসলামের পক্ষে আছেন, ছিলেন, থাকবেন, সবার সঙ্গে থাকব ইনশাআল্লাহ।
