ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশ-আফগানিস্তান
অনীক মিশকাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
21 Oct 2026, 05:04 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতলেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নিলেন ব্যাটিং।
ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচে জিতেছে টস জিতে আগে ব্যাট করা দল। সেই দুই ম্যাচ অবশ্য হয়েছিল আবু ধাবিতে। এবার লড়াই শারজাহতে।
21 Oct 2026, 04:43 PM
কঠিন সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানে জিততে হবে বাংলাদেশের।
আর আগে ব্যাট করার সুযোগ না পেলে আরও কঠিন হয়ে যাবে পথ। সেক্ষেত্রে আফগানদের ২০০ রানে আটকে রাখতে পারলে সেটি তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। এছাড়া লক্ষ্য যত বড় হবে, ততই সংকীর্ণ হবে বাংলাদেশের সুযোগ।
আগে ব্যাটিং হোক বা পরে, প্রথম ম্যাচের ব্যাটিং-বোলিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প নেই বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে দারুণ বোলিং করলেও মাঝের ওভারে ও শেষ দিকে গড়বড় হয়ে যায় সব।
পরে রান তাড়ায়ও তানজিদ হাসানের ব্যাটে মেলে উড়ন্ত শুরু। কিন্তু পরে মিডল-অর্ডারের কেউই আর দায়িত্ব নিতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে এসব শুধরে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ উৎরে গেলেই মিলবে ফাইনালের টিকেট।
21 Oct 2026, 04:35 PM
লাইভ ব্লগে স্বাগত
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
