সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সরাসরি কথা হয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার রাজনৈতিক দল লিকুদ পার্টির একটি বৈঠকে জানান, সারার সঙ্গে ২০২৫ সালের জুলাইয়ে টেলিফোনে কথা হয় তার।
ওই ফোনালাপের মাত্র কয়েকদিন আগে সিরিরার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।
নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়ার ধ্রুজ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা বন্ধের ‘নির্দেশ’ দিতে সারার সঙ্গে কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, “আমি সারাকে ফোন করি। এটি ছিল খুবই স্বল্প কিন্তু তীক্ষ্ণ আলাপ। আর এরপরই সিরিয়ার ধ্রুজদের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়।”
২০২৪ সালে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন আহমেদ আল সারা। এরপর পশ্চিমাদের সঙ্গে তিনি ভালো সম্পর্ক গড়ে তোলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যাপারে কখনো মুখ খোলেননি তিনি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো ইসরায়েল ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথমবার সরাসরি আলাপ ছিল এটি।
ইসরায়েলের সঙ্গে সিরিয়ার শত্রুতা অনেক পুরোনো। দখলদারদের বিরুদ্ধে সিরিয়া এখন পর্যন্ত একাধিকবার যুদ্ধে জড়িয়েছে।
ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ধ্রুজদের বসবাস। তাদের বড় একটি অংশ সিরিয়ায় থাকে। আরেকটি অংশ থাকে ইসরায়েলে। ধ্রুজ সম্প্রদায়ের মানুষের নাম আরব দেশগুলোর মানুষের নামের মতো থাকে। তবে তারা মুসলিম নয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
