প্রকাশিত: ০৯:৪৫, ১৬ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভবনে গ্যাসের কম্প্রেসার লাইন বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান শরীফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রোজিনা এবং ভোর ৪টার দিকে শরীফের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো দুজন দগ্ধ আছেন। তারা হলেন- শরীফের শ্যালক রিয়াজ ও ভবনটির তত্ত্বাবধায়ক রনি মিয়া। তাদের শরীরের যথাক্রমে ৪০ ও ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গত শনিবার মধ্যরাত রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ছয়তলা ভবন ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের চাপ বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণ ঘটে। এতে শরীফ, তার স্ত্রী রোজিনা, শ্যালক রিয়াজ ও ভবনটির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
