
দোষীদের কঠোর শাস্তির দাবিতে মিছিলে শামিল শহরবাসীEi Samay
Published on
:
1 min read
এই সময়, মেদিনীপুর: বিয়ের ১১ মাসের মধ্যে স্নেহা চক্রবর্তীর (২৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর শহরের বাসিন্দারা। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে পথে নেমেছিলেন শহরের মানুষ। শহরের বিধাননগর পুজো মাঠ থেকে শুরু হওয়া এই মৌন মিছিল ডাকবাংলো রোড-সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পা মেলান স্নেহার মা-বাবা-সহ পরিবারের সদস্যরাও।
প্রাথমিক ভাবে বুধবার এই প্রতিবাদ মিছিলের আয়োজন করার কথা ছিল। কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত বদলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মিছিলের ডাক দেওয়া হয়। মাত্র কয়েক ঘণ্টার প্রস্তুতিতে বহু মানুষের উপস্থিতি নজর কাড়ে। মোমবাতি হাতে মিছিলে হাঁটতে হাঁটতে সকলের গলায় একটাই দাবি-স্নেহার মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাসিখুশি মেয়েটির এমন পরিণতি কী ভাবে হলো, সেই প্রশ্নও তুলেছেন শহরবাসী।
মেদিনীপুর শহরের যমুনাবালি এলাকার বাসিন্দা স্নেহার মৃত্যুকে ঘিরে তাঁর পরিবারের তরফে বধূ নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, বিএমডব্লিউ গাড়ি কেনার জন্য বাপের বাড়ি থেকে ১০ লক্ষ টাকা আনার চাপ দেওয়া হচ্ছিল স্নেহাকে। সেই টাকা দিতে না পারায় তাঁর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনায় স্নেহার স্বামী রণদীপ জানা এবং শ্বশুর রতন জানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্নেহার মৃত্যুর প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন অনেকে।