কালবেলা · সাধারণ
পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি
১৫/১০/২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্না উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, একটি মহল দুর্গাপূজাকে লক্ষ্য করে সাম্প্রদায়িক পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, আর কয়েক দিন পরে আমাদের সনাতন ভাই-বোনদের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দুর্গাপূজাকে টার্গেট করে পরিস্থিতি জটিল করার জন্য সেখানে মন্দিরের পাশে গরুর মাংস রান্না করেছেন। এজন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি প্রেস রিলিজ দিয়েছে। যাতে কেউ দুর্গাপূজায় ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে না পারে।
তিনি অভিযোগ করে বলেন, আসন্ন দুর্গাপূজাকে টার্গেট করে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তার অংশ হিসেবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্না করা বা না করার যে একটা প্রতিযোগিতা, এটা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে জামায়াত-শিবির এবং এনসিপি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতে বিজেপি এবং আরএসএস যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, সেভাবে একই ধরনের রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় জামায়াত-শিবির এবং এনসিপি-ছাত্রশক্তি।
ছাত্রদল সেক্রেটারি বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সনাতন ধর্মাবলম্বীরা যেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
পূজাকে কেন্দ্র করে কোনো মহল উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে।
মূল প্রতিবেদনে যান ↗