সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এবং ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা করবে না।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
অন্যদিকে, একই কারণে ঢাকা-রিয়াদ রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সোমবার বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সংস্থাটির সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
এদিকে, একই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমান সংস্থাটির পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটটির নতুন যাত্রাসূচি এবং এ-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি ও পরবর্তী নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
The post ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত appeared first on ভোরের চেতনা.
