দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখেছে পিডিবি’র বিক্রয় বিতরণ বিভাগ-৩। দক্ষিণ সুরমার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেলিবাজার ও ঢাকা সিলেট মহাসড়কের ইসলাম নগর এলাকায় বিদ্যুৎ বিভাগের প্রায় ২ হাজার খুঁটি ফেলে রাখা হয়েছে। বিদ্যুতের খুঁটি ফেলে রাখার কারণে ফাটল ধরে নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নের কারণে বিক্রি করতে পারছে খুঁটিগুলো। বিগত সরকারের আমলে বিনামূল্যে খুঁটি দিলেও বর্তমান সরকারের আমলে আবেদন করেও খুঁটি পাচ্ছেন না গ্রাহকগণ।
পিডিবি’র বিক্রয় বিতরণ বিভাগ-৩ এর সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ৮টি ইউনিয়নের ও সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার গ্রাহকদের খুঁটি চাহিদা থাকলেও সরকারি বিধি বিধানের কারণে ২টির বেশি খুঁটি দেয়া যায় না। একটি খুঁটি তৈরিতে সরকারের সর্বনিম্ন ব্যয় প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর আওতাধীন দক্ষিণ সুরমার মোগলাবাজার, দাউদপুর, জালালাপুর ও লালাবাজার এলাকার বেশি কিছু গ্রামের গ্রাহকদের খুঁটির চাহিদা থাকলেও আগামী ডিসেম্বর মাসে খুঁটি প্রদানের আশ^াস দিয়েছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ইমরান জানান, সরকারের শতভাগ বিদ্যুৎ সম্পন্ন করতে পল্লী বিদ্যুৎ এর আওতাধিন এলাকায় খুঁটি স্থাপনের কাজ চালু রয়েছে।
সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখে নষ্ট করা এবং রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি মারাত্মক নাগরিক সমস্যা, যা জনগণের অর্থের অপচয় ঘটানোর পাশাপাশি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।
এছাড়াও সন্ধ্যা পর উক্ত খুঁটির উপর বসে থেকে মাদক সেবন করতে দেখা যায়। থানা পুলিশে টহল থাকলেও মাদকাসক্ত ব্যক্তিরা খুঁটি আড়ালে বসে নিরাপদে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর শামছ-ই-আরেফিন জানান, আমরা নিয়ম মেনে খুঁটি বিতরণ করে যাচ্ছি। খুঁটিগুলো যত তাড়াতাড়ি সম্ভব উক্ত স্থান থেকে সরিয়ে আনা হবে।
