ডিগ্রি লাগবে না, বেতন প্রায় ১১ কোটি! Google DeepMind-এর চাকরি ঘিরে চর্চাছবি:AI নির্মিত
Published on
:
1 min read
চাকরি পেতে মোটা ডিগ্রি বা নামী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটই শেষ কথা নয়, দক্ষতা থাকলেও মিলতে পারে বিপুল বেতনের চাকরি। এমনই একটি চাকরির বিজ্ঞাপন ঘিরে চর্চা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। গুগলের AI গবেষণা সংস্থা গুগল ডিপমাইন্ড ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বছরে সর্বোচ্চ প্রায় ১০.৯ কোটি টাকার বেতনের চাকরি অফার করছে। আর এতেই শোরগোল পড়ে গিয়েছে প্রযুক্টির দুনিয়ায়। তবে এই চাকরির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই পদের জন্য কোনও নির্দিষ্ট শিক্ষাগত ডিগ্রি বা সার্টিফিকেট থাকতেই হবে, এমনটা নয়।
কী কাজ করতে হবে?
জানা গিয়েছে, গুগল ডিপমাইন্ডের নতুন দল ‘পোলারিস’-এ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এই দলের কাজ হবে AI-চালিত কোডিং এজেন্টগুলির কার্যক্ষমতা পরীক্ষা করা এবং সেগুলির দক্ষতা যাচাইয়ের জন্য আরও উন্নত পদ্ধতি তৈরি করা।
অর্থাৎ AI-এর সাহায্যে কাজ করা কোডিং টুল কতটা ভালো ভাবে কোনও জটিল কাজ করতে পারছে বা জটিল সমস্যা সমাধান করতে পারে, তা পরীক্ষা করা।
এই সংস্থার কর্মী তামায় বিসিরোগলু জানিয়েছেন,কোনও প্রার্থীর ডিগ্রি বা পদবির কী বা তাঁর কী সার্টিফিকেট রয়েছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো AI-এর সাহায্যে কতটা দক্ষ ভাবে সে কাজ করতে পারে।
কত বেতন মিলবে?
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই পদে বছরে ৫.৫ লক্ষ থেকে ১১ লক্ষ ডলার পর্যন্ত মোট পারিশ্রমিকের কথা বলা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪৫ কোটি থেকে ১০.৯ কোটি টাকা। তবে এই বেতনের সঙ্গে ট্যাক্স ও আরও অন্যান্য বিষয় যুক্ত থাকতে পারে।
কী নিয়ে বিতর্ক?
তবে এই নিয়োগ ঘিরে বিতর্কও শুরু হয়েছে। অনেকের মতে, বাস্তব দক্ষতাকে গুরুত্ব দেওয়া উচিত। আবার কারও প্রশ্ন, উচ্চ বেতনের চাকরিতে ডিগ্রির প্রয়োজনীয়তা কতটা কমানো সম্ভব? তবে, সব মিলিয়ে, AI-এর যুগে চাকরির বাজারে দক্ষতার গুরুত্ব যে বাড়ছে, এই নিয়োগের খবর সেই আলোচনাকেই আরও জোরালো করেছে।
