চট্টগ্রাম নগরের কল্পলোক এলাকায় সাইকেল নিয়ে শরীরচর্চা করতে গিয়ে ছিনতাই চেষ্টার মুখে পড়েছেন এভারেস্ট-লোৎসে জয়ী পর্বতারোহী ডা. বাবর আলী। তবে তাঁর তাৎক্ষণিক বিচক্ষণতায় সঙ্গে থাকা বন্ধুকে নিয়ে রক্ষা পেয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবর আলী জানান, সকালে কল্পলোক আবাসিক এলাকা দিয়ে ওই সড়কে গিয়ে ওয়ার্ম-আপের জন্য নদীর পাড়ে নামেন তিনি ও তাঁর সঙ্গী ইরফান। সেখানে তিন তরুণের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা সড়কের ওপরে উঠে আসেন।
পরে ওই তিনজনের সঙ্গে আরও দুজনকে দেখতে পান তাঁরা। একপর্যায়ে কল্পলোক আবাসিক এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তিরা তাঁদের পিছু নেন।
পেছনে তাকিয়ে তাঁদের গতি বাড়াতে দেখে পরিস্থিতি আঁচ করেন বাবর আলী ও ইরফান। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তিরা দৌড়াতে শুরু করেন।
তখন ইরান নিজের মুঠোফোন ও হ্যান্ডহেল্ড ক্যামেরা বাবর আলীর হাতে দিয়ে তাঁকে সাইকেল চালিয়ে সামনে চলে যেতে বলেন। বাবর আলী এগিয়ে যাওয়ার পর ইরফানও দৌড়ে তাঁর কাছে পৌঁছান। মুঠোফোন হস্তান্তরের বিষয়টি দেখে ওই ব্যক্তিরা আর ধাওয়া করেননি বলে জানান বাবর আলী।
এ ঘটনায় একা থাকলে সাইকেল ও মুঠোফোন খোয়াতে হতো বলে ধারণা করছেন তিনি। ওই সড়কে প্রাতর্ভ্রমণ ও শরীরচর্চা করতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকার এবং দলবদ্ধভাবে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই পর্বতারোহী।
The post কল্পলোকে ছিনতাইকারীদের ধাওয়া, বিচক্ষণতায় রক্ষা পেলেন বাবর আলী appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
