ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি সেমিপাকা বসতবাড়িতে আগুন লেগে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালামপুর বাসস্ট্যান্ড এলাকার আকলিমা ভিলায় বেলা ১১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ধামরাই ফায়ার স্টেশন। খবর পেয়ে স্টেশন কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ২ মিনিটে ইউনিট দুটি আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৭০০ বর্গফুট আয়তনের ওই সেমিপাকা বসতবাড়িতে অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
