পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা।
অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
এদিকে, মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তের মধ্যে অজগরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ইসরাইল বলেন, সকালে বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে সাপটি নিয়ে যান।
এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর মাত্র ১৩ দিনের ব্যবধানে আবারও অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
