কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে সড়কের পাশে ৮ বছর বয়সী ইসরাত ও ১৮ মাসের রোজা মনিকে রেখে চলে যান তাদের মা। অসহায় দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। মঙ্গলবার (১৩ অক্টোবর) শিশু দুটির হাতে শিশুখাদ্য তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় দুই কন্যাসন্তান। পরে পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন জেসমিন। এরই মধ্যে তিনি অন্যত্র বিয়েও করেন।
গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন। পরে মোবাইল ফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে ফোন করে সন্তানদের বাজার থেকে নিয়ে যেতে বলেন। তখন নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে দুই মেয়েকে বাজারের সড়কের পাশে রেখে কুমিল্লায় চলে যান জেসমিন।
মাকে না পেয়ে বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। তাদের অসহায় অবস্থায় দেখে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকে পরে শিশু দুটিকে নিজের হেফাজতে নেন তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলম।
ঘটনাটি জানাজানি হলে শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। তার নির্দেশনায় মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাধ্যমে শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ সুপার শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তাঁর নির্দেশে থানা-পুলিশ শিশু দুটির হাতে উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।
