ষষ্ঠীর সাজে টলিপাড়ার নায়িকারাগ্রাফিক্স: রাতুল মণ্ডল
Published on
:
2 min read
‘পুজো পুজো গন্ধ’ আর নয়। এখন পুরোদস্তুর উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। ব্যতিক্রম নয় টলিপাড়ার নায়িকারাও। পুজোর এথনিক সাজে ধরা দিয়েছেন স্বস্তিকা মুখার্জি থেকে স্বস্তিকা দত্ত। টেক্কা দিয়েছেন মিমি-শুভশ্রীও। (Durga Puja 2026) ষষ্ঠীতে কে কেমন সাজলেন?
স্বস্তিকা মুখোপাধ্যায়
ষষ্ঠীতে বেনারসিতে সেজেছেন অভিনেত্রী। উজ্জ্বল রানি পিঙ্ক রঙের বেনারসির সঙ্গে রয়্যাল ব্লু ব্লাউজ় বেছে নিয়েছেন নায়িকা। শাড়ি জুড়ে রয়েছে এমব্রয়ডারি বুটা এবং আঁচল ও পাড়ে রয়েছে জারদৌসির কাজ। এ ছাড়া ব্লাউজ়ও ফুটে উঠেছে জারদৌসির কাজ। গয়নাও পরেছেন জমকালো। কানে দুল এবং গলায় পরেছেন চোকার এবং লহরী। আর হাতে ছিল সোনালি বালার সঙ্গে নীল-গোলাপি চুরি এবং আংটি। স্বস্তিকা শাড়িটা ডিজাইন করেছেন তন্ময় বিশ্বাস। অষ্টমী হোক বা বিয়ে বাড়ি, এই শাড়ি বেছে নিতে পারেন যে কোনও বিশেষ অনুষ্ঠানে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
শুভশ্রীর পুজো শুরু হয়েছে ‘দেশু৭’-এর সঙ্গে। পুজোর শুরুতেই ছিল তাঁর নতুন সিনেমার প্রিমিয়ার। আর সেখানে নায়িকা দেখা গিয়েছে প্যাস্টেল শেডের টিস্যু জারদৌসি শাড়িতে। কোনও মোটিফ না থাকলেও শাড়ির বর্ডারে ছিল জমকালো এমব্রয়ডারি। এই ভারী জারদৌসির কাজই শাড়ির আসল সৌন্দর্য ফুটিয়ে তুলছে। নায়িকে এই শাড়ি স্টাইল করেছেন একই রঙের স্লিভলেস ব্লাউজ়ের সঙ্গে। আর ছিল কানে দুল এবং হাতে সোনার বালা। ছিমছাম অথচ এলিগ্যান্ট ছিল শুভশ্রীর ষষ্ঠীর সাজ। নবমীর সন্ধ্যায় এমন লুক বেছে নিতে পারেন আপনিও।
মিমি চক্রবর্তী
স্বস্তিকার মতো মিমিও বেনারসি বেছে নিয়েছেন ষষ্ঠীর সন্ধ্যার জন্য। নায়িকা প্যাস্টেল গ্রিন শেডের কাতান বেনারসি পরেছেন। শাড়ি জুড়ে রয়েছে রূপোলি জরির মীনাকারি কাজ। শাড়ির আঁচলে ফুটে উঠেছে বেনারসির সূক্ষ্ম বুনন। ব্লাউজ়েও রয়েছে জরির কাজ। তবে মিমি ঝুমকা পরেননি। তার বদলে বেছে নিয়েছেন কুন্দনের কানপাশা। হাতেও রয়েছে কুন্দনের বালা। এতেই মিমির লুকটা আধুনিক ও জমকালো হয়ে উঠেছে। সপ্তমীর বিকেলে আপনিও স্টাইল করতে পারেন এ ভাবে।
স্বস্তিকা দত্ত
টলি-অভিনেত্রী স্বস্তিকা দত্তের পুজো শুরুই হয়েছে লাল পাড় সাদা শাড়িতে। সুতির শাড়ি আর হলুদ পাড় জুড়ে রয়েছে লাল কুচির বর্ডার। শাড়ির ভিতরে রয়েছে হাত পাখার ডিজ়াইন। তার সঙ্গে স্বস্তিকা পরেছেন লাল রঙের ব্লাউজ়। তার নেকলাইন ডিপ ভি এবং হাতে রয়েছে সাদা কাপড়ের কুচি। গয়না বলতে এক জোড়া কানের দুল আর হাতে বালা। স্বস্তিকা লুকে আভিজাত্যের ছোঁয়া এনে দিয়েছে খোঁপায় বাঁধা জুঁই ফুলের মালা। দশমীর সিঁদুর খেলার জন্য এমন শাড়ি বেছে নিতে পারেন।
FAQ
১. ষষ্ঠীতে স্বস্তিকা মুখোপাধ্যায় কী শাড়ি পরেছিলেন?
তিনি রানি পিঙ্ক রঙের জারদৌসি কাজ করা বেনারসি শাড়ি পরেছিলেন।
২. শুভশ্রীর ষষ্ঠীর সাজের বিশেষত্ব কী ছিল?
প্যাস্টেল শেডের টিস্যু জারদৌসি শাড়ি, স্লিভলেস ব্লাউজ় ও সোনার বালায় সেজেছিলেন তিনি।
৩. মিমি চক্রবর্তী কী ভাবে বেনারসি স্টাইল করেছিলেন?
প্যাস্টেল গ্রিন কাতান বেনারসির সঙ্গে কুন্দনের কানপাশা ও বালা পরেছিলেন মিমি।
৪. স্বস্তিকা দত্তের সাবেকি সাজে কী কী ছিল?
লাল পাড়ের সাদা সুতির শাড়ি, লাল ব্লাউজ়, হাতে বালা এবং খোঁপায় জুঁই ফুলের মালা।
৫. পুজোয় কোন ধরনের শাড়ি পরে নজর কাড়তে পারেন?
বেনারসি, টিস্যু জারদৌসি কিংবা লাল পাড়ের সাদা সুতির শাড়ি বেছে নিতে পারেন। শাড়ির সঙ্গে মানানসই গয়না ও ব্লাউজ় সাজকে আরও আকর্ষণীয় করে তুলবে।
