সাভারে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর বাদশার মাকে নির্মম নির্যাতন করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১০ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন।
আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে , এখানে এখানে এবং এখানে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ছড়িয়ে পড়া ভিডিওটিতে এক যুবককে দুজন নারীর ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে দেখা যায়। এ সময় আশপাশে থাকা লোকজন এসে ওই যুবককে থামানোর চেষ্টা করেন।
অনুসন্ধানে গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে সাভারে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘মাদারীপুর সমাচার’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ‘মাদারীপুর আদালত প্রাঙ্গণে স্ত্রী ও শাশুড়ির ওপর জামাইয়ের হামলা’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওটির একটি অংশের সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘দক্ষিণ বঙ্গ নিউজ’ , ‘প্রত্যাশা বার্তা’ ও ‘সময়ের বার্তা’ নামের সংবাদভিত্তিক ফেসবুক পেজে চলতি বছরের ২৪ ও ২৫ আগস্ট শেয়ার করা একই ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতে বলা হয়, মাদারীপুর আদালত প্রাঙ্গণেই শাশুড়ি ও স্ত্রীর ওপর জামাই হামলা করেন। ভিডিওতে ওই যুবক ছাড়াও অন্য এক বয়স্ক ব্যক্তিকে আরেক নারীর চুল ধরে রাখতে দেখা যায় এবং উপস্থিত লোকজনকের মধ্যে একজনকে বলতে শোনা যায, ‘কর, মারামারি কর।’
তবে প্রচারিত এসব ভিডিও থেকে সাভার বা ছাত্রলীগের নেতার মায়ের ওপর নির্যাতনের কোনো তথ্য পাওয়া যায়নি। তেমনি এমন হামলার কারণ সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে আজকের পত্রিকার মাদারীপুর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফ্যাক্টচেক টিমকে জানান, ভিডিওটি মাদারীপুর আদালত প্রাঙ্গণের। মূলত পারিবারিক কলহের জেরে দায়ের করা একটি মামলার শুনানির দিন জামাই, শাশুড়ি ও স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।
এ ছাড়া ছড়িয়ে পড়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে নিয়মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে পোস্ট করা হয়।

সিদ্ধান্ত
সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মাকে নির্মম নির্যাতনের দাবিটি ভিত্তিহীন। মূলত, মাদারীপুর আদালত প্রাঙ্গণে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ির ওপর জামাইয়ের করা হামলার দৃশ্যকে রাজনৈতিক রূপ দিয়ে ‘সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাত’ দাবিতে অপপ্রচার চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা
