শ্রীমঙ্গলে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাইকে করে অনুপ দাস ও আনোয়ারুল আজিম নামে দুই বন্ধু নরসিংদী থেকে বের হন। তারা রাস্তায় সড়ক দুর্ঘটনায় পড়ে আর যাওয়া হলো না বন্ধুর বাড়ি। পথেই মর্মান্তিক মৃত্যু হলো এই দুই বন্ধুর।
নিহতরা হলেন, নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) ও একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)।
বিজ্ঞাপন
নিহতরা মোটরসাইকেলে বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া স্থানে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই অনুপের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারুল আজীমও মারা যান।
খবর পেয়ে তাদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা তাদের লাশ নরসিংদীতে নিয়ে আসেন।
পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম।
তিনি বলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজীম। আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল।
অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস বলেন, ভাই অনুপ কুমার দাস প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং আনোয়ারুল আজীম একজন কলেজ শিক্ষক। তিনি একটি কলেজের শিক্ষক। দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠতা ছিল, চলেও গেলেন একই সঙ্গে।
অনুপ কুমার দাসের লাশ নরসিংদীর শ্মশানে দাহ করা হয়েছে। এবং আজীমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমএইচ
