তাকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 19 Oct 2026, 06:33 PM
Updated : 19 Oct 2026, 06:33 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এ আনোয়ার হোসেন পাটোয়ারী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
সাবেক এ মন্ত্রীর তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তর বিভাগের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার।
শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
২০২৪ সালের ৫ অগাস্ট মিরপুর-১০ গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫০ জনের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর হত্যা মামলা করেন।
