নিষাদ কুমারছবি: AI নির্মিত
Published on
:
2 min read
শুটিংয়ে জোড়া পদক দিয়ে দিন শুরুর পর এ বার দিনের শেষটা ভারত করল তিনটে পদক দিয়ে। পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর উদ্বোধনী দিনে নতুন ইভেন্ট লং জাম্পে প্রথমবার আন্তর্জাতিক স্তরে নেমেই সোনা জিতলেন দেশের তারকা প্যারা-অ্যাথলিট নিষাদ কুমার। এর পাশাপাশি সাঁতার ও জুডোতে জোড়া রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে প্রতিযোগিতার সূচনাতেই পদক তালিকায় ছয় নম্বরে নিজেদের নাম লেখাল ভারত।
হাই জাম্পার থেকে লং জাম্পার
হিমাচল প্রদেশের ২৬ বছর বয়সি নিষাদ কুমারকে বিশ্ব চেনে অন্যতম সেরা হাই জাম্পার হিসেবে। টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪—টানা দুটি প্যারালিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। ২০২৩ এশিয়ান প্যারা গেমসের সোনা এবং ২০২৫ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২.১৪ মিটারের মহাদেশীয় রেকর্ড গড়া এই তারকা নাগোয়ায় চমক দিয়ে নাম লিখিয়েছিলেন পুরুষদের টি৪৭ (T47) লং জাম্প ইভেন্টে। শৈশবে এক চাষের যন্ত্রের মারাত্মক দুর্ঘটনায় নিজের ডান হাত হারানো নিষাদ বেছে নিয়েছিলেন হাই জাম্পকে, সেখানে সাফল্যের পর এ বার লং জাম্পে নেমে সাফল্য পেলেন তিনি।
সোমবার লং জাম্প ফাইনালে নেমেই নিজের জাত চেনান তিনি। প্রথম রাউন্ডে ৬.৯৫ মিটার দিয়ে শুরু করার পর দ্বিতীয় প্রচেষ্টায় ৭.০৯ মিটার লাফান। তৃতীয় প্রয়াসেই আসে তাঁর দিনের সেরা লাফ—৭.১১ মিটার। এই একক লাফের মাধ্যমেই তিনি ফাইনালের রাশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। চতুর্থ প্রচেষ্টা ফাউল হলেও পঞ্চম প্রচেষ্টায় ফের ৭.১১ মিটার এবং শেষ প্রচেষ্টায় ৭.০৭ মিটার অতিক্রম করেন। রুপো জেতা উজ়বেকিস্তানের ওমাদবেক খাসানভ নিজের মরশুমের সেরা ৬.৯৯ মিটার লাফিয়েও নিষাদের ধারেকাছে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার মোহাম্মাদু সাফরান ৬.৫৫ মিটারে ব্রোঞ্জ জয় করেন।
সাঁতারেও এল প্রথম পদক
ট্র্যাকের সাফল্যের পাশাপাশি জলেও ভারতের জয়জয়কার। দৃষ্টিহীনদের সাঁতারের পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১৩ (S13) বিভাগে ১৮ বছর বয়সি তরুণ সেনসেশন রবি কার্তিক বুদিগিনা দেশকে সাঁতারে প্রথম পদক এনে দেন। অন্ধ্রপ্রদেশের এই প্যারা-সুইমার ৫৬.৮০ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন। এই বিভাগে উজ়বেকিস্তানের ইগর বোলোতোভ ৫২.৯০ সেকেন্ডে সোনা জেতেন।
মার্শাল আর্টসের ম্যাটেও রচিত হয়েছে ইতিহাস। আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে জুডোর মহিলাদের জে২ -৫২ কেজি ফাইনালে কিরগিজ়স্তানের আইবিকে উলানবেক কিজ়ির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে রুপো জেতেন ভারতীয় জুডোকা কোকিলা। এর আগে পুরুষদের জে১ -৭০ কেজি ব্রোঞ্জ পদকের বাউটে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার খেলোয়াড়কে মাত্র ৬৯ সেকেন্ডে কুপোকাত করে ব্রোঞ্জ নিশ্চিত করেন অভিজ্ঞ প্যারা-জুডোকা কপিল পারমার।
এর পাশাপাশি দিনের শুরুতে শুটিং রেঞ্জে মোনা আগরওয়ালের রেকর্ডভাঙা সোনা এবং অবনী লেখারার ঐতিহাসিক রুপো মিলিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬-এ। অন্যদিকে টেবিল টেনিসের ক্লাস ৩ সিঙ্গেলসে থাই প্রতিপক্ষকে ৩-১ গেমে উড়িয়ে সেমিফাইনালে পা রেখেছেন সোনালবেন প্যাটেল, যাঁর হাত ধরে মঙ্গলবার ভারতের ঝুলিতে আরও একটি পদক জমা হওয়া নিশ্চিত।
