আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে চিকিৎসার সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় পাটনা, গুয়াহাটি, কল্যাণী, ভুবনেশ্বর ও দেওঘরের AIIMS-এ চিকিৎসা করাতে পারবেন উপভোক্তারা। এতদিন দিল্লির AIIMS এই প্রকল্পের আওতায় স্বীকৃত ছিল। নতুন প্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত করার ফলে কলকাতা থেকে দূরের জেলায় বসবাসকারী উপভোক্তাদের বিশেষায়িত চিকিৎসা পেতে সুবিধা হবে বলে মনে করছে প্রশাসন।
তবে নতুন করে যুক্ত এই পাঁচটি প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আগাম অনুমতির প্রয়োজন হবে না। বুধবার, ১৪ অক্টোবর অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট AIIMS-গুলিতে বহির্বিভাগ (OPD) এবং অন্তর্বিভাগে (IPD) চিকিৎসা, পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এর আগে দিল্লির AIIMS পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে স্বীকৃত ছিল। এবার আরও পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করল রাজ্য।
তবে আগাম অনুমতি না লাগলেও চিকিৎসার খরচ ফেরত পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বিধি মানতে হবে উপভোক্তাদের। প্রকৃত চিকিৎসা খরচ এবং WBHS-এর অধীনে অনুমোদনযোগ্য অর্থের মধ্যে যে অঙ্কটি কম, সেই পরিমাণই ফেরত দেওয়া হবে। বহির্বিভাগের চিকিৎসার ক্ষেত্রে কেবল বিজ্ঞপ্তিতে নির্ধারিত রোগ ও চিকিৎসার জন্যই খরচ ফেরত মিলবে। তালিকার বাইরে থাকা চিকিৎসার খরচ এই স্বীকৃতির ভিত্তিতে ফেরত পাওয়া যাবে না।
পাশাপাশি, এই পাঁচটি AIIMS-এ চিকিৎসার জন্য যাতায়াত ভাতাও দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য ক্ষেত্রে WBHS-এর প্রচলিত নিয়ম ও শর্ত বহাল থাকবে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
