রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন আলোচিত ঘুণ্টিঘরের সেই মাদক স্পটে গত মঙ্গলবার ফের মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার ওই একই স্থানে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের কাছে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ অভিযান শুরু করলে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। ঘুণ্টিঘরে নিয়মিত অভিযান চালানো হয়। এখানে ভাসমান মাদক বিক্রেতা ও মাদকসেবীরাই বেশি আসে। এজন্য পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
এর আগে গত সোমবার বিকালে স্পটটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
আটকদের সাজা দেওয়া হয়। একই সঙ্গে মাদক সেবনের অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৮ : এদিকে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে ৫৮টি।
গতকাল এক বার্তায় ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, তেজগাঁও বিভাগে ৯৩ জন, মিরপুর বিভাগে ১৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় জব্দ করা হয় মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
