
হাম উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।
এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
The post হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু appeared first on অর্থসূচক.
