এইচ. এম. বাবলুঃ
রাজধানীর মিরপুরের রূপনগরে ঝিলে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে রূপনগরের আরামবাগের ৭ নম্বর গেটসংলগ্ন মমিন মিয়ার বস্তির পাশের ঝিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আক্তার হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর গ্রামের মুছা মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর রূপনগর থানার আরামবাগ ৬ নম্বর গেট এলাকার ২৮/৫ নম্বর বাসায়, অর্থাৎ মমিন মিয়ার বস্তিতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার দিকে ঝিলে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য পানিতে নামেন আক্তার হোসেন। এরপর তিনি আর পানির ওপর উঠে আসেননি। মুহূর্তের মধ্যেই তিনি ঝিলের গভীর পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রূপনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝিলে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালায়। তবে সে সময় তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার দুপুরে একই ঝিল থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মরদহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
The post রূপনগরে ঝিলে ডুবে নিখোঁজের ছয় দিন পর আক্তার হোসেনের মরদেহ উদ্ধার appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
