বিদেশি অর্থায়নে প্রকল্প গড়ে তোলার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে উপজেলার চৌবাড়িয়া-দেওজান সলিল সড়কে মোছা. ফারজানা আক্তারের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার দেওজান সলিল এলাকার মৃত মোশারফ হোসেনের স্ত্রী মোছা. ফারজানা আক্তার (৩৫), ঘিওরকোল গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী মোছা. শারমিন আক্তার (৪০), ভারড়া গ্রামের মৃত তাজে উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৫৫) এবং চৌবাড়িয়া গ্রামের মো. আমিরুলের স্ত্রী শান্তা বেগম (৩০) একটি চক্রের মাধ্যমে বিদেশি অর্থায়নে প্রকল্প পরিচালনার কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন।
ভুক্তভোগীদের দাবি, প্রকল্পের সদস্য হয়ে এক লাখ টাকা জমা রাখলে প্রথম মাসে ১২ হাজার, দ্বিতীয় মাসে ২০ হাজার এবং তৃতীয় মাসে ৩০ হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এভাবে বেশি লাভের প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়া হয়। পরে অভিযুক্তরা টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগীরা টাঙ্গাইলের নাগরপুর থানা আমলি আদালতে পৃথকভাবে বাদী হয়ে চারজনকে বিবাদী করে একাধিক মামলা করেছেন বলে জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মো. শহিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, মোছা. ঝর্ণা বেগম, মোছা. মনোয়ারা বেগম ও মো. সুরিয়া বেগমসহ অন্যরা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
এই বাংলা/এমএস
