বিপদের মুখে কয়েক লক্ষ টাকার জেটিনিজস্ব চিত্র
Published on
:
1 min read
নদীভাঙনের আশঙ্কায় নতুন করে উদ্বেগ ছড়ালো পূর্ব বর্ধমানের কিশোরগঞ্জে। গত সাত দিন ধরে লাগাতার পাড় ভাঙছে ভাগিরথী। শিয়রে শমন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই গুরুত্বপূর্ণ জেটিটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তৃণমূল জমানায় কয়েক লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল জেটিটি। ওপারে নদিয়া। প্রতিদিন কয়েক শত যাত্রী নদী পারাপার করেন। কিন্তু বর্তমানে নদীভাঙনের জেরে সেই জেটি যে কোনও সময়ে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু জেটিই নয়, নদীর পাড়ে থাকা একটি বিশ্রামঘরেরও একই অবস্থা। গুরুত্বপূর্ণ এই পরিকাঠামো রক্ষা করা নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।
এলাকাবাসীদের আশঙ্কা, যে ভাবে গত কয়েক দিন ধরে নতুন করে নদীভাঙন শুরু হয়েছে, তাতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। অবিলম্বে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে যে কোনও মুহূর্তে তলিয়ে যাবে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেটিটি। একই সঙ্গে ক্ষতি হতে পারে বিশ্রামঘরটিরও।
এই পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সময়মতো পদক্ষেপ করা না হলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ পরিকাঠামো হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভাগীরথীর ভাঙন ক্রমশ এগিয়ে আসায় নদীর তীরবর্তী এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন এ ভাবে চলতে থাকলে জেটি ও বিশ্রামঘরের পাশাপাশি আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুধু সাময়িক মেরামতি নয়, ভাঙনের কারণ খতিয়ে দেখে স্থায়ী সমাধানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
