‘সত্য, সাহস, সুন্দর’ প্রত্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
‘আঁধার পেরিয়ে’ স্লোগানকে ধারণ করে চার বছরের পথচলায় কালবেলার অগ্রযাত্রা, পাঠকপ্রিয়তা ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। তারা পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কলাকুশলীদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ। এতে স্বাগত বক্তব্য দেন- কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
জগন্নাথপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এমএ মুকিত আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহসভাপতি আব্দুল হাই, সাংবাদিক আলী আহমেদ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তা শিমুল আলী, বিদ্যুতের আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান আজাদ, সাংবাদিক রায়হান আহমেদ, বিএনপি নেতা দিলু মিয়া ও মকবুল হোসেনসহ অনেকে।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জগন্নাথপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- ‘আঁধার পেরিয়ে’ স্লোগানকে ধারণ করে চার বছর আগে নতুন যাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত চার বছরে পত্রিকাটি পাঠকদের চাহিদা পূরণ করে নিয়মিত প্রকাশনার মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।
এ সময়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় নিরপেক্ষতার স্বাক্ষর রেখে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সব মহলে সমাদৃত হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও কালবেলা একই ধারায় প্রকাশনা অব্যাহত রাখবে এবং মা, মাটি ও মানুষের কথা তুলে ধরে এগিয়ে যাবে; এমন প্রত্যাশা তাদের।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে প্রধান অতিথি কয়ছর আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
