৭৫ বছর বয়সেও অ্যাকশন আর অভিনয়ের দাপটে দর্শকদের মাতিয়ে রাখছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। বিশ্বব্যাপী মুক্তির মাত্র দুই দিনেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১০ কোটি রুপি।
১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে নেলসন দিলীপকুমারের সিনেমাটি। আর প্রথম দিনেই করেছে বাজিমাৎ। বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনেও দাপট রয়েছে অব্যাহত। আয় করেছে প্রায় ৮৫ কোটি রুপি। ফলে দুই দিনে মোট আয় দাঁড়িয়েছে ২১০ কোটি রুপি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি। সেই হিসাবে এখনো বাজেটের পুরো অর্থ তুলে আনতে পারেনি সিনেমাটি। তবে মুক্তির প্রথম দুই দিনের আয়ের পরিসংখ্যান ঘিরে নির্মাতা ও প্রযোজকদের প্রত্যাশা বেড়েছে। বক্স অফিসে এই গতি অব্যাহত থাকলে দ্রুতই বিনিয়োগের অর্থ তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গল্পের দিক থেকে সিনেমাটি খুব বেশি নতুনত্ব দেখাতে পারেনি বলে মত দিয়েছেন কয়েকজন সমালোচক। তবে এর আকর্ষণীয় উপস্থাপনা, চমকপ্রদ অ্যাকশন দৃশ্য এবং তারকাদের ক্যামিও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। বিশেষ করে রজনীকান্তের পর্দা উপস্থিতি, অভিনয় ও অ্যাকশন সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। নেলসন দিলীপকুমার পরিচালিত সেই সিনেমাটিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটির গানও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এবার ‘জেলার ২’-এর বক্স অফিস সাফল্যের মধ্য দিয়ে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত মিলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
