বান্দরবানের লামা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীরা হলেন—রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তানিয়া সুলতানা ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন স্বজনেরা। তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় তাদের পরিবারের সদস্যরা লামা থানায় গত ১৩ অক্টোবর সাধারণ ডায়েরি করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় নিজ এলাকা থেকে ওই তিন স্কুলছাত্রী হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান,গত ১৪ অক্টোবর রাতে খুলশী থানা পুলিশ ২ নং রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সেখানে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ (১৫ অক্টোবর) উদ্ধারকৃত তিন স্কুলছাত্রীকে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে নিরাপদ ও সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্তানদের ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পরিবার।
আরএআর
