ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট, পেঁয়াজ ও চালের ৯টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুনে প্রায় তিন কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। জমিজমা বিক্রি ও ধারদেনা করে পণ্য কিনে মজুত করায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বারাশিয়া নদী থেকে পানি সংগ্রহ করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা জানান, "খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট এসে আগুন নেভায়। প্রায় ৯টি দোকানে আগুন লেগে পাট, পেঁয়াজ ও চালসহ নানা মালামাল পুড়ে নষ্ট হয়েছে। আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হতে পারে। তবে ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাতে পারব।"
আকস্মিক এই বিপর্যয়ে পুঁজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
