এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাণপণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসির। আজ ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। রাফায়েল টুডুর গোলে ম্যাচে সমতা ফিরিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগালেও শেষ মুহূর্তের গোলে হৃদয় ভাঙে ফর্টিসের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে এফসি গোয়া। মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। মোহাম্মদ নিমিলের বাড়ানো বলে ডান প্রান্তে ওভারল্যাপ করে নিখুঁত ক্রস বাড়ান উদান্তা সিং। ডিবক্সে চমৎকার হেডে বল জালে জড়িয়ে গোয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে ওর্তিজ। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফর্টিস।
৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে পা ওমর বাবুর ফ্রি কিক ঠেকিয়ে দেন গোয়া গোলরক্ষক লারা শর্মা। অন্যদিকে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেরাও দারুণ দক্ষতায় ব্যবধান বাড়তে দেননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে গোয়ার রক্ষণে চাপ বাড়ায় ফর্টিস। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৭৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। পাল্টা আক্রমণ থেকে লম্বা পাস ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান রাফায়েল টুডু। নিখুঁত বডি ফেইন্টে গোয়ার ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের দর্শনীয় শটে গোলকিপারকে পরাস্ত করে দলকে ১-১ সমতায় ফেরান তিনি।
তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশি ক্লাবটি। ৮৫ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোয়াকে আবারও এগিয়ে নেন স্প্যানিশ স্ট্রাইকার চিকি। ফ্রাঞ্চুর বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি। এরপর যোগ করা সময়ে (৯০+৭ মিনিট) বড় ধাক্কা খায় ফর্টিস। গোয়ার উদান্তা সিংকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ইসা জালো।
শেষ পর্যন্ত দশ জনের দল নিয়ে ২-১ গোলের হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় ফর্টিসকে। টানা দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে পড়ে রইল তারা। প্রথম ম্যাচে হারের পর এই জয়ে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল এফসি গোয়া।
