শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ তৈরি এবং গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চেম্বারের পক্ষে সভাপতি আমিরুল হক এবং সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার এতে স্বাক্ষর করেন। সমঝোতার আওতায় ব্যবসায়িক কার্যক্রমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে। পাশাপাশি বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসায়িক খাতের বাস্তব চাহিদার সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে।
