দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার ও নিরাপদ চলাচল নিশ্চিতের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের জন্য সাদা ছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। তাঁদের প্রতি শুধু সহমর্মিতা প্রকাশ করাই যথেষ্ট নয়, বরং তাঁদের অধিকার, সক্ষমতা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত, সড়ক, গণপরিবহন, সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহৃত স্থানগুলো প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা জরুরি।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি, তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজের সর্বস্তরে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পানিসম্পদমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মো. আবদুল মতিন প্রমুখ।
