সারাবছর হাজারও ব্যস্ততা। কাজের চাপ। তা সামলে বেড়াতে যাওয়া যেন হয় না। আর গেলেও ছোট্ট ছুটিতে কাছেপিঠে কোথাও ঝটিকা সফর। পুজোয় লম্বা ছুটি। পরিবারের সকলকে নিয়ে বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। আপনারও কি ষষ্ঠীর রাতেই ট্রেন? তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে গিয়ে কিছু ভুললেই মুশকিল। তাই বেড়াতে যাওয়ার আগে জেনে নিন ব্যাগে কোন কোন জিনিস রাখা প্রয়োজন।
- প্রথমত পোশাক যা প্রয়োজন ভেবেচিন্তে নিন। যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানকার আবহাওয়ার কথা মাথায় রেখে পোশাক নিতে ভুলবেন না। নইলে বিপদে পড়তে পারেন।
- বেড়াতে যাওয়া মানেই দিনভর বাইরে বেরনো। তাই অবশ্যই সঙ্গে ওয়েট ওয়াইপস, ড্রাই টিস্যু, টয়লেট পেপার সঙ্গে রাখুন।
- রাস্তায় বেরিয়ে খাওয়াদাওয়া করতেই হবে। তাই অবশ্যই হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। পেপার সোপও সঙ্গে রাখতে পারেন।
- সানস্ক্রিন নিত্যদিন ব্যবহার করা প্রয়োজন। তাই বেড়াতে যাওয়ার ব্যাগে অবশ্যই সানস্ক্রিন সঙ্গে রাখুন। এছাড়া সানগ্লাস কিংবা টুপি পরার অভ্যাস থাকলে তা নিতে ভুলবেন না।
- মেডিসিন কিট সঙ্গে রাখুন। লাগেজের বেশি ভিতরের দিকে রাখবেন না। বদহজম, জ্বর, বমি, পেটখারাপ, পেটে ব্যথা কিংবা কাটাছেঁড়ার ওষুধপত্র সঙ্গে রাখতে ভুলবেন না।
- অবশ্যই হাতের কাছে জলের বোতল রাখুন। পথেঘাটে বেরিয়ে জল থেকেই সবচেয়ে বেশি রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই সবসময় চেষ্টা করুন মিনারেল ওয়াটার খাওয়ার। কারণ, শরীর অসুস্থ হয়ে গেলে বেড়ানোর আনন্দই মাটি।
- সঙ্গে কিছু শুকনো খাবারদাবার রাখুন। পথেঘাটে খিদে পেলে কাজে লাগাতে পারেন।
রাতে ট্রেনে সফরের ক্ষেত্রে অবশ্য করণীয়:
- অবশ্যই নরম সুতির পোশাক পরুন।
- নরম জুতো পরুন।
- বেশি তেলমশলাযুক্ত খাবার খাবেন না।
- নিত্যদিনের ওষুধপত্র খেতে ভুলবেন না।
- দামি জিনিসপত্র সাবধানে ট্রেনে নিয়ে যান।
উৎসবের উদ্দীপনা, বেড়াতে যাওয়ার আনন্দে উপরের বিষয়গুলি ভুলবেন না। তাতে আপনি বিপদে পড়বেন। তাই ভেবেচিন্তে ব্যাগ গোছান।
