মোঃ মিল্টন আলী সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। ক্ষুব্ধ সংবাদকর্মীরা জানান, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য চিঠির মাধ্যমে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্র পেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মীরা কলেজের প্রধান ফটকে উপস্থিত হন। তবে সেখানে পৌঁছানোর পর তাঁদের জানানো হয়, অনুষ্ঠানে প্রবেশের অনুমতি নেই। একপর্যায়ে তাঁদের কলেজ প্রাঙ্গণ ত্যাগ করতে বলা হয়। আমন্ত্রণ জানানোর পরও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন উপস্থিত সাংবাদিকরা। পরে প্রতিবাদ জানিয়ে সংবাদ বর্জনের ঘোষণা দিয়ে তাঁরা কলেজ এলাকা ত্যাগ করেন। ঘটনার বিষয়ে জানতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে দুজন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় অধ্যক্ষ জানান, সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। এদিকে, আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী। অন্যদিকে, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ সংগঠনের নেতৃবৃন্দও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। সাংবাদিকদের অভিযোগ, আমন্ত্রণপত্র পাঠানোর পরও কেন তাঁদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হলো না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করে। সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে শেষ মুহূর্তে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের পেছনে কী কারণ ছিল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন সংবাদকর্মীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে বিষয়টির সমাধান হবে—এমন প্রত্যাশা তাঁদের।
ঝিনাইদহ
The post আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশে বাধা, ঝিনাইদহ ক্যাডেট কলেজে সংবাদ বর্জনের ঘোষণা appeared first on Matrijagat.
