মহব্বত আলী:
যশোর সদর উপজেলার বাগডাঙ্গা বাবু বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারে মৃত পাখি ঝুলে থাকতে দেখা যাচ্ছে। অনেক সময় খুঁটির নিচেও পড়ে থাকতে দেখা যায় পাখির মৃতদেহ। নিয়মিত এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের তারে আটকে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব পাখির মৃত্যু হচ্ছে। এতে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এভাবে পাখির মৃত্যু অব্যাহত থাকলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পাখি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে চুড়ামনকাটি বিদ্যুৎ অফিসের ইনচার্জ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শক করার কারণে পাখি মারা যায়। এ বিষয়ে কোনো প্রতিকার নেই।’
তবে স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও খুঁটিগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও তারে ঝুলে থাকা মৃত পাখিগুলো দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পাখির অস্বাভাবিক মৃত্যু রোধ এবং এলাকার জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যুৎ বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
