বিএনপি জনগণের সরকার হতে পারেনি, দলটির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী কি না, অভিজ্ঞতা ও যোগ্যতা আছে কি না, তা দেখা হয় না। বরং সংসদ সদস্যদের ছেলে কিংবা আত্মীয়দের বিবেচনায় নেওয়া হয়। কিন্তু প্রতিটি ক্ষেত্রে, যখন নিয়োগ দেওয়া হয় কিংবা সারের ডিলার নিয়োগ করা হয়, তখন দেখা যায়, বিএনপি বাংলাদেশের জনগণের সরকার হতে পারেনি।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলে আমরা ভেবেছিলাম, তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে সারের ডিলার নিয়োগের সময় দেখা যাচ্ছে, বিএনপি জনগণের সরকার হতে পারেনি; তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে।
এ সময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সারজিস আলম। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সারজিস আলম বলেন, পদ্মা সেতু থেকে শরীয়তপুরে আসার পথ দেখে মনে হচ্ছে, এটি যেন একটি ছিটমহল। যে দলই ক্ষমতায় আসুক না কেন, এ জেলার সাধারণ মানুষের ভাগ্যের চাকার পরিবর্তন হয় না। এক বছর আগে আমরা যখন এই জেলায় এসেছিলাম, তখন এই সড়কের যে বেহাল দশা দেখেছিলাম, এক বছর পরও সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
সভায় উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিকশক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা।
