১৭ বছর প্রবাসে থেকেও দেশের মানুষের সংকটে পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বিচ্যুত হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা প্রতিকূলতার মধ্যেও দেশের সংকট ও দুর্যোগে তাঁর নির্দেশনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগের সময় প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনায় দুর্গত ও অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও ফাউন্ডেশনটি মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে গেছে। তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে ‘সায়েন্স এক্সিবিশন’সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড তুলে ধরে রিজভী আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদানের মতো উদ্যোগের মাধ্যমে সংগঠনটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে অসহায় মানুষের স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ করার চেষ্টা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে। তারেক রহমানের দিকনির্দেশনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
