শুক্রবার যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন ভিনসেন্ট কোম্পানি। বায়ার্ন মিউনিখ কোচ ক্লাবের রিজার্ভ টিমকে পর্যবেক্ষণ করছিলেন অনুশীলন গ্রাউন্ডে। হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়লে জরুরি চিকিৎসার প্রয়োজন হয় এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রধান কোচের সবশেষ অবস্থা কী, এক বিবৃতি দিয়ে জানাল বায়ার্ন।
বায়ার্ন নিশ্চিত করেছে, ক্লাবের অনুশীলন মাঠে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
ক্লাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘শুক্রবার অনুশীলন সেশনে এফসি বায়ার্নের রিজার্ভ টিমের সঙ্গে ছিলেন ভিনসেন্ট কোম্পানি। হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লে তার চিকিৎসার প্রয়োজন পড়ে। হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসাধীন থাকবেন। তার কোচিং স্টাফরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনুশীলন ও ম্যাচের কার্যক্রম দেখভাল করবেন।’
অ্যালিয়েঞ্জ এরেনার মতো চাপের পরিবেশে ফেরার আগে বায়ার্ন তাদের কোচের শতভাগ সুস্থতা নিশ্চিত করতে চায়। অজ্ঞান হয়ে যাওয়ার সঠিক কারণ নির্ণয় করতে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা তারা করবে। আর এই মাসের শুরুতে ভাইরাসের সংক্রমণের দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়তে পারে কি না সেটাও পর্যবেক্ষণ করা হবে।
গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল ইনফেকশনের সঙ্গে লড়ছেন এই ৪০ বছর বয়সী কোচ।গত সপ্তাহে একটি তীব্র ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছিলেন কোম্পানি। বুধবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় কোম্পানি স্বীকার করেন যে, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।
এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের পর এবং ম্যাচের হাফটাইমে কোম্পানির অসুস্থতা তাকে তার অফিসের ভেতরের একটি সোফায় শুয়ে পড়তে বাধ্য করেছিল। ইনফেকশনের কারণে তার পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দিলে সিঁড়ি বেয়ে ওঠার মতো সাধারণ নড়াচড়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল।
সপ্তাহের শুরুতে তিনি দলের মূল একাদশের ট্রেনিং সেশন মিস করেন এবং সংবাদমাধ্যমের সাথে কথা বলার দায়িত্ব সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে দেন। অসুস্থতা সত্ত্বেও আলিয়েঞ্জ অ্যারেনায় আর্সেনালের বিপক্ষে বুধবারের ইউরোপিয়ান ম্যাচের জন্য ডাগআউটে ফিরে এসেছিলেন কোম্পানি।
এফএইচএম
