The Sangbad · দেশ
নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মৃত্যু
১৫/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাই। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের গভীর ছায়া। দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাঁদের বাবা-মা।নিহত দুই ভাই হলো শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। তাদের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। বড় ভাই আদ্রী সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সম্প্রতি একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।নিহতের পারিবারিক সূত্র ও স্বজনেরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তার মৃত্যুর ১১ দিন পর গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।পরপর দুই ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বাবা শাহ আসাদ। আর দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্বজনদের পরিবেশ।নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আদ্রীর মৃত্যুর শোক না কাটতেই জ্বরে আক্রান্ত হয়ে ওয়াদির মৃত্যুতে পরিবারটি পুরো ভেঙে পড়েছে। শাহ আসাদের অপর মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে পরিবারটির গভীর সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলা কমিউনিটির পাশাপাশি হবিগঞ্জের চুনারুঘাটে গ্রামের বাড়িতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মূল প্রতিবেদনে যান ↗