ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করে বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ বজায় রাখতে সহযোগিতা করা প্রয়োজন। পাশাপাশি পণ্য কেনার আগে মূল্য তালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং ক্রয়ের রশিদ সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার অধিদপ্তরের ৪৬টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রোধে গুরুত্ব দেয়া হয়।
অধিদপ্তর থেকে জানায়, বাজার তদারকিকালে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করে বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ বজায় রাখতে সহযোগিতা করা প্রয়োজন। পাশাপাশি পণ্য কেনার আগে মূল্য তালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং ক্রয়ের রশিদ সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে।
পণ্য ক্রয়ে অতিরিক্ত মূল্য আদায়, প্রতারণা কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বাভাবিক সরবরাহ, ন্যায্যমূল্য ও ভোক্তাস্বার্থ সুরক্ষায় দেশব্যাপী নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
