দূরপাল্লার বাসে বা ট্রেনে দীর্ঘ পথ পাড়ি শেষ। এবার বাড়ি ফেরার পালা। রাত গভীর হওয়ায় দ্রুত একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে বসলেন। কিন্তু পড়ে গেলেন চালক ও যাত্রীবেশী দুর্বৃত্তদের ফাঁদে। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হলো সর্বস্ব। আবার কখনো কখনো কেড়ে নেওয়া হয় প্রাণটাই।
কুমিল্লা শহরে রাতে বাড়ি বা বাসায় ফেরার পথে এমন অপরাধ একের পর এক ঘটছে। সর্বশেষ সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা আবারও সেই আতঙ্ককে সামনে এনেছে। এর আগে গত এপ্রিলে সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)।
এসব ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা শহরের প্রবেশমুখে নামার পর নিরাপদে বাসায় ফেরার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, ঝাগুরঝুলি ও আলেখারচর বিশ্বরোড থেকে কুমিল্লা নগরে প্রবেশের পথে সিএনজিচালিত অটোরিকশাকেন্দ্রিক অপরাধের অভিযোগ বেশি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ মাসে কুমিল্লায় খুনের ঘটনা ঘটেছে ১১১টি। আগস্টে হত্যার মামলা ছিল ১১টি, সেপ্টেম্বরে ১৬টি। ডাকাতির মামলা ২টি থেকে বেড়ে ৩টি এবং চুরির মামলা ৩৫ থেকে বেড়ে ৪৪টি হয়েছে। দস্যুতার মামলা হয়েছে পাঁচটি।
মহাসড়ক থেকে বাড়ি ফেরার পথে হত্যা
কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল দিবাগত রাতে চট্টগ্রাম থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। ঘুমিয়ে পড়ায় পদুয়ার বাজারে নামতে পারেননি। নামেন কুমিল্লা আদর্শ সদর ঝাগুরঝুলি বিশ্বরোডে। সেখান থেকে নগরের পানপট্টি গাংচর এলাকায় বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
ওই দিন রাতে বাসায় যখন মা-বাবা আর স্ত্রী ও শিশুপুত্র বুলেট বৈরাগীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই চালক ও যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেয়। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব বা বর্তমানের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।
সর্বশেষ ১৫ বছর বয়সী কিশোরীর হত্যাকাণ্ড উদ্বেগ আরও বাড়িয়েছে। নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মরদেহ গত বৃহস্পতিবার লালমাই উপজেলার ভোরাজগতপুর গ্রামের ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের তদন্তে উঠে আসে, রাতে নগরের রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল ওই কিশোরী। চালক সুমন মিয়া তাকে উল্টো পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। শনিবার কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় মেয়েটির কাছ থেকে লুটে নেওয়া আইফোনটিও।
‘ওই দিন আমার সঙ্গেও কি এমন ঘটনা ঘটত’
রাতে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় সন্দেহজনক পরিস্থিতির মুখে পড়েছিলেন নগরের ঠাকুরপাড়া এলাকার ৩০ বছর বয়সী এক নারীও। গত মাসের প্রথম সপ্তাহে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে গাজীপুরে শ্বশুরবাড়ি থেকে কুমিল্লায় ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডে নেমে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন।
ওই নারী প্রথম আলোকে বলেন, অটোরিকশার চালক কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তিকে গাড়িতে তোলেন। চালক বলেছিলেন, লোকটি সামনেই নেমে যাবেন। কিন্তু অনেকটা পথ যাওয়ার পরও তিনি নামছিলেন না। তখন ওই নারী চালককে গাড়ি থামাতে বলেন। তাঁর স্বামীও মুঠোফোনে কথাগুলো শুনছিলেন এবং তাঁকে নেমে যাওয়ার পরামর্শ দেন।
একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে জাঙ্গালিয়ার কাছাকাছি গিয়ে চালক ওই ব্যক্তিকে নামিয়ে দেন। এরপর চালকের মুঠোফোনে একের পর এক কল আসতে থাকে। অপর প্রান্ত থেকে তাঁর কাছে বারবার জানতে চাওয়া হচ্ছিল, তিনি কোন দিকে যাচ্ছেন। চালক কোটবাড়ি সড়ক হয়ে রামমালা দিয়ে যাওয়ার কথা বললে নারীটি কান্দিরপাড় হয়ে যেতে বলেন। শেষ পর্যন্ত চালক ওই পথেই যান।
ওই নারী বলেন, ‘১৫ বছর বয়সী মেয়েটির এমন মৃত্যু দেখে সেদিনের ঘটনা বারবার মনে পড়ছে। ওই দিন আমার সঙ্গেও কি এমন ঘটনা ঘটত? এখন রাতে চলাচল করতে ভয় লাগে।’

ছিনতাইয়ের অভিযোগ বহুদিনের
গত এপ্রিলের শেষ সপ্তাহে মধ্যরাতে পদুয়ার বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইয়ের শিকার হন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিকুর রহমান। তাঁর বাসা নগরের কান্দিরপাড় এলাকায়। তিনি বলেন, অটোরিকশায় ওঠার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে মুঠোফোন, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
নগরের ছোটরা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, গত মে মাসে তাঁর নিকটাত্মীয় দেলোয়ার হোসেন চট্টগ্রাম থেকে ট্রেনে কুমিল্লায় আসেন। রাত ১২টার দিকে স্টেশন থেকে অটোরিকশায় ওঠার পর যাত্রীবেশী তিন ছিনতাইকারী তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে গোমতী নদীর পাড়ে নিয়ে তাঁর সর্বস্ব লুটে নেয়।
এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট রাতে নগরের শাকতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হন একটি জাতীয় দৈনিকের বিজ্ঞাপন বিভাগের ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ। কুমিল্লা বেড়াতে এসে তিনি স্ত্রী ও শ্যালককে নিয়ে পদুয়ার বাজার থেকে অটোরিকশায় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় চারজন তাঁদের পথ আটকে দুটি আইফোনসহ পাঁচটি মুঠোফোন, স্ত্রীর হীরার আংটি ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও মালামাল উদ্ধার হয়নি বলে জানান তিনি। ওই ঘটনায়ও অটোরিকশাচালকের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ ছিল ইমতিয়াজের।

ছিনতাইকারীদের মাদক সম্পৃক্ততা
এসআরবি-১১ সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে গ্রেপ্তার পাঁচজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের সবাই মাদকাসক্ত ছিলেন। সর্বশেষ কিশোরী হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনও মাদকাসক্ত বলে জানা গেছে। আরও কিছু ঘটনা পর্যালোচনা করে ছিনতাই চক্রের বড় একটি অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে।
রাতে একা চলাচলকারীদের জনবহুল বাসস্ট্যান্ডে নামা, সম্ভব হলে অন্য যাত্রীর সঙ্গে অটোরিকশা ভাগ করে যাতায়াত করা এবং নির্ধারিত স্থানের বাইরে না নামার পরামর্শ দেন এসআরবির কর্মকর্তা সাদমান ইবনে আলম।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, পদুয়ার বাজার থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় রাতে শহরে ফেরার পথে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাকেন্দ্রিক ছিনতাইয়ের অভিযোগ বেশি। মহাসড়কের পাশে বিভিন্ন অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। সাম্প্রতিক অভিযানে এসব এলাকায় মাদক সেবনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান লুৎফর রহমান। তিনি বলেন, পদুয়ার বাজার ও আলেখারচর বিশ্বরোড দিয়ে রাতে নগরে প্রবেশের পথে পুলিশ দুই পালায় টহল দিচ্ছে। ছিনতাইয়ের ঘটনা ঘটলে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্যদেরও জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের একমাত্র সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩)। এরপর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। সর্বশেষ বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাতে নিরাপদে বাড়ি ফেরা নিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, মহাসড়কের বিস্তৃতির তুলনায় তাঁদের জনবল কম। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে টহল বাড়ানো হয়েছে। তবে এক জায়গায় পুলিশ থাকলে অন্য জায়গা ফাঁকা হয়ে যাওয়ার সুযোগ নেয় অপরাধীরা।
অপরাধ নিয়ন্ত্রণে নগরের প্রবেশমুখগুলোতে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন ও পুলিশের তল্লাশিচৌকি বসানো প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়। তিনি আরও বলেন, রাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত নজরদারিতে রাখতে হবে।
